বারফোন-কে নিরুৎসাহিত করছে সরকার

১০ মার্চ, ২০২০ ১৬:০৮  
দেশে বারফোন আমদানি ও উৎপাদনে নিরুৎসাহিত করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে স্মার্টফোন উৎপাদনের পাশাপাশি আমদানিতে গুরুত্বারোপ করা হয়েছে। অবশ্য দেশে থ্রিজি বা ফোরজি স্মার্টফোনই বেশি উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, দেশে টুজি হ্যান্ডসেট বা বারফোন উৎপাদন হয় খুবই কম। বেশির ভাগই আমদানি করা হয়। সূত্রমতে, গত ৫ ফেব্রুয়ারি বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের পরিচালক মোহাম্মাদ ফয়সল স্বাক্ষরিত স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পেয়ে মোবাইল আমাদানিকারকরা গত ১৩ ফেব্রুয়ারি কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তাবায়নের স্বার্থে এই নির্দেশনা প্রতিপালনে স্থানীয় উৎপাদকরা শুরু থেকেই সচেতন বলে জানানো হয়। তবে টুজি’র পরিবর্তে ৩জি ফোন আমদানি ও উৎপাদনের চেয়ে গ্রাহকের কাছে এটি সহজলভ্য ও নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এ বিষয়ে মোবাইল আমদানিকারকদের বাণিজ্যিক সংগঠন বিএমপিআইএ-এর জেনারেল ম্যানেজার মনিরুল বাশার বলেন, দেশের বাজারে বারফোনের চাহিদা এখনো বেশি। তবে দেশেই এখন সুলভে স্মার্টফোন তৈরি হচ্ছে। এখানকার অধিকাংশ উৎপাদক প্রতিষ্ঠানই স্মার্টফোন উৎপাদন করে। বলতে গেলে এই নির্দেশনা আমরা ইতিমধ্যেই প্রতিপালন করা শুরু করেছি।